নাগরিক বিজ্ঞানে সমৃদ্ধ আবহাওয়া বার্তা দেবে ‘আবহাওয়াবিদ’ অ্যাপ

ঝড় আসার আগে যদি জেলে নৌকা ভিড়িয়ে নিতে পারেন, বন্যার পানি ওঠার আগে যদি কৃষক ফসল তুলে ফেলতে পারেন, কিংবা বজ্রপাতের সতর্কবার্তা যদি সময়মতো পৌঁছে যায় গ্রামের মানুষের কাছে তাহলে অনেক ক্ষতি, এমনকি অনেক প্রাণও বেঁচে যায়। ঠিক এই লক্ষ্য নিয়েই বাংলাদেশে চালু হলো নতুন একটি মোবাইল অ্যাপ “আবহাওয়াবিদ” (Abohawabid)। ইতোমধ্যে জনপ্রিয় আবহাওয়া তথ্য বিষয়ক ওয়েবসাইট abohawa.com এর ধারাবাহিকতায় তৈরি এই অ্যাপটি গত ১০ জুন (বুধবার) থেকে গুগল প্লে স্টোরে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর সবচেয়ে স্বস্তির খবর, অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে, ব্যবহারে কোনো খরচ নেই, কোনো বিজ্ঞাপনও নেই।

নতুন এই এপটি একটি বিশেষ ফিচারের কারণে আলাদাভাবে ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। বেশীরভাগ আবহাওয়া অ্যাপ একমুখী অর্থাৎ এটি আপনাকে পূর্বাভাস জানায়, ব্যস। কিন্তু “আবহাওয়াবিদ”–এর সবচেয়ে আলাদা ও আকর্ষণীয় দিকটি হলো এর “ফিল্ড রিপোর্ট” (Field Report) সুবিধা, যেখানে ব্যবহারকারী নিজেই হয়ে ওঠেন একজন আবহাওয়া পর্যবেক্ষক।

আপনার এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে? শিলাবৃষ্টি পড়ছে? ঝোড়ো বাতাস বইছে, নাকি হঠাৎ বন্যার পানি ঢুকছে? অ্যাপের মাধ্যমে আপনি সেই তথ্য সরাসরি রিপোর্ট করতে পারবেন, আর তা পৌঁছে যাবে অন্য ব্যবহারকারীদের কাছেও। অর্থাৎ মাঠের প্রকৃত চিত্র আসছে মাঠের মানুষের কাছ থেকেই। এটিই হলো নাগরিক বিজ্ঞান (citizen science) যেখানে সাধারণ মানুষ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে অংশ নেন।

এর গুরুত্ব কেন এত বেশি?

স্যাটেলাইট আর মডেল যা ধরতে পারে না, মানুষ তা দেখে। একটি আবহাওয়া মডেল হয়তো একটি বড় এলাকার গড় চিত্র দেয়, কিন্তু আপনার গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ শিলাবৃষ্টি বা স্থানীয় বন্যা সেখানে ধরা পড়ে না। ব্যবহারকারীর রিপোর্ট সেই ফাঁক পূরণ করে, পূর্বাভাস আরও নির্ভুল হয়। যত বেশি মানুষ মাঠের তথ্য দেবেন, পূর্বাভাস ততই বাস্তবের কাছাকাছি ও যাচাইযোগ্য হবে।
প্রতিবেশী প্রতিবেশীকে সতর্ক করতে পারেন। একজনের পাঠানো একটি বন্যা বা বজ্রপাতের রিপোর্ট আশপাশের আরও অনেক মানুষকে আগেভাগে প্রস্তুত হতে সাহায্য করতে পারে। এভাবে অ্যাপটি শুধু একটি পূর্বাভাস-যন্ত্র নয়, বরং সারা দেশের মানুষকে নিয়ে গড়ে ওঠা একটি জীবন্ত আবহাওয়া-পর্যবেক্ষণ নেটওয়ার্ক।

অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে বাংলায় “আবহাওয়াবিদ” অথবা ইংরেজিতে “Abohawabid” লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। ডাউনলোড ও ব্যবহার দুটোই সম্পূর্ণ ফ্রি। অথবা ক্লিক করতে পারেন এখানে

অ্যাপে যা যা পাবেন

  • বিভাগ ও জেলাভিত্তিক তাৎক্ষণিক আবহাওয়া ও ৭ দিনের পূর্বাভাস।
  • ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষি পরামর্শ ও বায়ুর মান সূচক (AQI) ।
  • ঘূর্ণিঝড়, বন্যা ও বজ্রপাতের জরুরি সতর্কবার্তা।
  • ফিল্ড রিপোর্ট, নিজের এলাকার আবহাওয়ার খবর ব্যবহারকারীরা নিজেরাই সবার সঙ্গে শেয়ার করতে পারবেন।
  • বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই ব্যবহারযোগ্য, একদম বিনামূল্যে।

অ্যাপ ও প্ল্যাটফর্মটির পেছনে মূল কারিগর হিসেবে আছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দেশের সর্বস্তরের মানুষের জন্য একটি কার্যকর সহায়ক হয়ে উঠবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ, ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি আর বজ্রপাত এখানে নিত্যসঙ্গী। জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগের মাত্রা ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস কোনো বিলাসিতা নয়, বরং জীবন-জীবিকা রক্ষার হাতিয়ার।

“আবহাওয়াবিদ”–এর মূল লক্ষ্যই হলো নির্ভরযোগ্য পূর্বাভাস আর জরুরি সতর্কবার্তা একদম সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বিশেষ করে দুর্যোগের সময়।

জনাব পলাশ বলেন, তাড়াহুড়ো করে নয়, পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই অ্যাপটি জনসাধারণের হাতে এসেছে। উন্মুক্ত করার আগে দেশের বিভিন্ন জেলার এবং বিভিন্ন পেশার প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক টানা এক মাস ধরে অ্যাপটি ব্যবহার করে মতামত ও পরামর্শ দিয়েছেন। ফলে শুরু থেকেই অ্যাপটি বাস্তব ব্যবহারের উপযোগী।

বিশেষভাবে চারটি দলকে মাথায় রেখে অ্যাপটি সাজানো হয়েছে, কৃষক, জেলে, শিক্ষার্থী ও দুর্যোগপ্রবণ এলাকার সাধারণ মানুষ। এই মানুষগুলোই কিন্তু একইসঙ্গে অ্যাপের সবচেয়ে বড় তথ্যদাতাও হতে পারেন, কারণ মাঠ, নদী আর উপকূলের প্রকৃত খবর তাঁদের চেয়ে ভালো আর কে জানে?

আরো দেখান
Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading